পৌর নিগমের ঘোষণাই সার। সব নিয়ম-নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তা দখল করে চলছে নির্মাণ কাজ ।রাস্তায় ফেলে রাখা পাথরের চিপসে আটকে যাচ্ছে গাড়ির চাকা ।সৃষ্টি হচ্ছে ব্যাপক জ্যাম ।পথ চলায় জনসাধারণের বিপদজনক হয়ে দাঁড়িয়েছে ধলেশ্বরের প্রান্তিক ক্লাব সংলগ্ন জিবি যাওয়ার প্রধান সড়ক পথ।
জনসাধারণের চলার পথে বাড়িঘরের নির্মাণ কাজের সামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল আগরতলা পৌরনিগম ।বিষয়টি নিগম এলাকায় মাইকযোগে প্রচার করা হয়েছিল ।আগরতলা নিগমের উদ্যোগ এখানেই শুরু এবং এখানেই শেষ। শহরের যত্রতত্রই রাস্তার ওপর ফেলে রাখা হচ্ছে বাড়িঘরের নির্মাণ সামগ্রী। এতে পথ চলা এক প্রকার দায় হয়ে উঠেছে জনসাধারণের ।বৃহস্পতিবার এমনই একটি চিত্র ধরা পরল রাজধানীর ধলেশ্বর এলাকায়। প্রান্তিক ক্লাব সংলগ্ন ধলেশ্বর থেকে জিবি যাওয়ার প্রধান সড়কের উপর মূল সড়ক পথ দখল করে ফেলে রাখা হয়েছে বালি,পাথরের চিপস প্রভৃতি নির্মাণসামগ্রী ।সংশ্লিষ্ট স্থানের প্রায় অর্ধেকটা সড়কপথেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথরের টিপস ।এতে পাথরের চিপসে চাকা আটকে গিয়ে যান চলাচলের ব্যাঘাত ঘটছে ।সৃষ্টি হচ্ছে ব্যাপক জ্যাম ।স্কুল এবং অফিস টাইমে চূড়ান্ত নাজেহালের শিকার হচ্ছেন ছাত্র-ছাত্রী এবং অফিস যাত্রীরা ।এদিন স্থানীয় এক বাসিন্দা সংশ্লিষ্ট বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, প্রশাসনের কোন নজরদারি না থাকার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে ।পথ চলতে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে। অবিলম্বে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি। এই ধরনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এক অটোচালক ।তিনি জানান ,অর্ধেক রাস্তা জুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে ।বিষয়টি আইনবিরোধী বলে মন্তব্য করেন এই অটো চালক।
জানা গেছে ,বিগত চার দিন ধরে রাস্তা আটকে সংশ্লিষ্ট এলাকায় একটি বহুতল নির্মাণ করা হচ্ছে ।বিষয়টি নিয়ে কোন ভুক্ষেপ নেই নিগম কর্তৃপক্ষের।