বিজেপিতে পরচর্চা ও পরনিন্দার কোন স্থান নেই, যুব কর্মীদের পাঠ দিলেন মুখ্যমন্ত্রী

Jun 23, 2026

বিজেপিতে পরচর্চা ও পরনিন্দার কোন স্থান নেই, যুব কর্মীদের পাঠ দিলেন মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মঙ্গলবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩ তম বলিদান দিবস গোটা দেশে পালিত হয়।  রাজ্যেও এই দিনটি যথাযথভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃবৃন্দ।এই উপলক্ষে এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় সহ অন্যান্যরা ।অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের যুব কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন ,বিজেপি একটি পরিবার ।এই পরিবারের আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে ।এতে সারা রাজ্যেই একটা নতুন পরিবেশ সৃষ্টি হবে ।এই আদর্শের উপর ভিত্তি করেই চলছে ভারতীয় জনতা পার্টি। এর জন্যই দেশের অধিকাংশ রাজ্যে আজ বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,বর্তমান সময়ে দেশের পুরো ম্যাপটাই মনে হয় বিজেপির ।কারণ এতগুলি রাজ্যে দল ক্ষমতায় রয়েছে ।তিনি বলেন ,এটা সম্ভব হয়েছে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ,পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মত এক একটি প্রতিষ্ঠানের জন্য। মুখ্যমন্ত্রী আরও বলেন, দলীয় কর্মীদের পরনিন্দা ও পরচর্চা থেকে মুক্ত থাকতে হবে ।এই বিষয়গুলি কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলে হয়। বিজেপিতে হয় না ।তিনি আরো জানান ,দলের নীতি এবং আদর্শকে সঠিকভাবে মেনে চলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় ।এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তথা সাংসদ সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপির রাজ্য প্রভারী ডঃ রাজদীপ রায় সহ অন্যান্যরা।