নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকার নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার ।ঘটনার ১৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত কে জালে তুলে সাফল্য দেখালো পুলিশ ।অভিযোগ, সোমবার রাতে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে কাঁঠালতলী এলাকার বাসিন্দা সমীর দাস কে দুষ্কৃতীরা ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন করে ।এই ঘটনায় অভিযোগের তীর ছিল এলাকারই বাসিন্দা স্বপন সূত্রধর ওরফে সপুর বিরুদ্ধে। সমীর এবং স্বপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ।অভিযোগ, এই শত্রুতার জের ধরেই সোমবার গভীর রাতে সমীরকে খুন করে স্বপন। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত স্বপন সূত্রধর ।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে জালে তুলতে রাত থেকেই বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযুক্ত আগরতলা শহরের চৌহদ্দির মধ্যেই রয়েছে -এই খবর পেয়ে রাজধানীর পূর্ব থানা ,পশ্চিম থানা এবং এনসিসি থানার পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালায় । অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে এনসিসি থানার অভয়নগর ফাঁড়ির পুলিশ ইন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে অভিযুক্ত স্বপন সূত্রধর কে গ্রেফতার করে। সাথে সাথে তাকে এনসিসি থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবারই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত অভিযুক্ত স্বপন সূত্রধর কে আদালতে সোপর্দ করার কথা রয়েছে এনসিসি থানার পুলিশের। এদিকে সমীর দাস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে ।স্থানীয়রা অভিযুক্তির বাড়ি ঘরে হামলা চালায় ।তার বাড়িঘর ভাঙচুর করা হয়।