নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
আজ কমলপুর থেকে খোয়াই হয়ে রাধানগরগামী এবং রাধানগর থেকে কমলপুরমুখী সকল বড় ও ছোট যাত্রীবাহী গাড়ির পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। হঠাৎ এই ধর্মঘটের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আন্দোলনরত বাস, ম্যাক্স, সুমো সহ বিভিন্ন যাত্রীবাহী গাড়ির মালিক ও চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অল্টো, ওয়াগনারসহ বিভিন্ন প্রাইভেট গাড়িতে নিয়মিত যাত্রী তোলা হচ্ছে। এতে বৈধ যাত্রীবাহী গাড়িগুলি যাত্রী হারাচ্ছে এবং চালক-মালিকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদের দাবি, এই বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট সেন্ডিকেট ও প্রশাসনের দ্বারস্থ হওয়া হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেই শেষ পর্যন্ত ধর্মঘটের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানান, অবৈধভাবে প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত কমলপুর–খোয়াই–রাধানগর রুটে কোনো যাত্রীবাহী গাড়ি চলবে না।
এদিকে, হঠাৎ করে পরিবহণ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এখন প্রশাসন এই অচলাবস্থা কাটাতে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।