মন্ত্রীর অনুপস্থিতিতে বৈঠক ভন্ডুল ,২৮ আগস্ট  অনির্দিষ্টকালের সড়ক ও রেল অবরোধ আন্দোলনে যাচ্ছে আত্মসমর্পণকারী বৈরীরা

Aug 21, 2026

মন্ত্রীর অনুপস্থিতিতে বৈঠক ভন্ডুল ,২৮ আগস্ট অনির্দিষ্টকালের সড়ক ও রেল অবরোধ আন্দোলনে যাচ্ছে আত্মসমর্পণকারী বৈরীরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     মন্ত্রী অনুপস্থিত থাকার কারণে ভেস্তে গেল বৈঠক। দাবি পূরণ নিয়ে কোন আলোচনাই হলো না ।এই অবস্থায় ক্ষুব্ধ আত্মসমর্পণকারী বৈরীরা আগামী ২৮ আগস্ট অনির্দিষ্টকালের জন্য রেল এবং জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের ডাক দিলেন। শুক্রবার মহাকরণে মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে বৈঠক ছিল আত্মসমর্পণকারী জঙ্গিদের। সম্প্রতি বড়মুরায় আন্দোলন স্থলে গিয়ে নিজে এই বৈঠকের কথা জানিয়েছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। সেই মত ৯ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি সাথে নিয়ে আত্মসমর্পণকারী জঙ্গিদের এক প্রতিনিধি দল শুক্রবার মহাকরণে যান। কিন্তু মহাকরণে উপস্থিত ছিলেন না মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রতিনিধি দলটি ফোনে মন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মন্ত্রী তাদের ফোন রিসিভ করেননি বলে অভিযোগ। এই অবস্থায় মন্ত্রী বিকাশ দেববর্মার কাজকর্মে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আত্মসমর্পণকারী জঙ্গীরা। তারা এদিন ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবার আর কথা বা আলোচনা নয়। সরকার কথা দিয়ে কথা রাখতে জানে না ।তাই আগামী ২৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেল আন্দোলন শুরু করবেন তারা। এদিন প্রতিনিধি দলের এক নেতৃত্ব জানান, সরকার গুলি চালালে গুলি চালাবে, এতে আমরা ভয় পাই না ।২৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবেই।এদিন মন্ত্রীর কথা মত দাবি নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে যোগ দিতে প্রায় ৪০ জনের মতো আত্মসমর্পণকারী বৈরীরা মহাকরণে যান। কিন্তু মন্ত্রীর অনুপস্থিতির কথা জানতে পেরে তারা সকলেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিভাগ