নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ একটা সময় ছিল, ঋতুস্রাবের কথা উঠলেই নেমে আসত নীরবতা। লজ্জা, সংকোচ আর কুসংস্কারের আড়ালে চাপা পড়ে যেত কিশোরীদের স্বাভাবিক জীবনের নানা প্রশ্ন। সেই নীরবতার দেওয়াল ভাঙতেই রূপাইছড়িতে শুরু হল ‘সাশি সাথী ক্যাম্পেইন’—স্বাস্থ্য, মর্যাদা ও সচেতনতার এক নতুন বার্তা।শুক্রবার, রূপাইছড়ি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে ৩৯-নং মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ এই বিশেষ সচেতনতামূলক অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউন্টেনিয়ার ও ট্রাভেলার পিয়ালি দেব, টিআরএলএম-এর ডেপুটি ডিরেক্টর টিটু দেববর্মা, রূপাইছড়ি আরডি ব্লকের বিডিও প্রিতম দেবনাথ, রূপাইছড়ি বিএসি-র চেয়ারপার্সন রাখী ত্রিপুরা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।‘সাশি সাথী’-র মূল লক্ষ্য—ঋতুস্রাবকে লজ্জা নয়, স্বাস্থ্যের স্বাভাবিক অংশ হিসেবে দেখার মানসিকতা তৈরি করা। বিদ্যালয় থেকে গ্রাম, কিশোরী থেকে অভিভাবক—সকলের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি নিরাপদ মাসিক স্বাস্থ্যবিধি, স্যানিটারি প্যাডের যথাযথ ব্যবহার, ব্যবহৃত প্যাডের নিরাপদ নিষ্পত্তি এবং মাসিক স্বাস্থ্য রক্ষায় যোগাভ্যাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।ক্যাম্পেইনের পাঁচটি স্তম্ভ—সচেতনতা ও আলোচনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, যোগাভ্যাস, ভেন্ডিং মেশিন ও ইনসিনারেটরের সঠিক ব্যবহার এবং মতামত ও সহায়তা।‘সাশি সাথী’র বার্তা যেন একেবারেই স্পষ্ট—“Breaking the Silence… Ending the Stigma”। অর্থাৎ, যে বিষয় নিয়ে এতদিন চুপ থাকা হয়েছে, সেই বিষয়েই এবার কথা বলতে হবে।কারণ একটি কিশোরীর স্বাভাবিক শারীরিক পরিবর্তন যেন আর কখনও তার আত্মবিশ্বাসের কারণ না হয়ে ওঠে। ঋতুস্রাব লজ্জা নয়, স্বাস্থ্য। আর সচেতনতা হতে পারে সম্মানজনক ও সমতার ভবিষ্যতের প্রথম পদক্ষেপ।