অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, যুবরাজনগরে ক্ষোভ

Sep 08, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, যুবরাজনগরে ক্ষোভ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  শিশুদের জন্য নির্ধারিত ওষুধের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তা বিতরণের উদ্যোগ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে যুবরাজনগরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানার অন্তর্গত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যুবরাজনগর ১ নম্বর ওয়ার্ডের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর ওই কেন্দ্রের আওতাধীন শিশুদের অভিভাবকদের ডেকে এনে শিশুদের জন্য ওষুধ বিতরণ করা হয়। পরে ওষুধের বোতলে উল্লেখিত মেয়াদোত্তীর্ণের তারিখ নজরে আসতেই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিভাবকদের দাবি, বিতরণ করা ওষুধগুলোর প্রতিটিই মেয়াদোত্তীর্ণ ছিল।অভিযোগ অনুযায়ী, ওষুধ বিতরণের সময় মঙ্গলখালি সাব-সেন্টারের এমপিডব্লিউ মনিষ নাথ, স্থানীয় আশা কর্মী কয়রুন নেছা এবং অঙ্গনওয়াড়ি কর্মী মাম্পী দেবনাথ উপস্থিত ছিলেন।বিষয়টি জানাজানি হওয়ার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে এক অভিভাবক বার্তা দিয়ে অন্য অভিভাবকদের সতর্ক করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ শিশুদের না খাওয়ানোর জন্য স্পষ্টভাবে সতর্ক করা হয়। তবে অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি অভিভাবকদের।শিশুদের স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন গাফিলতির অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ওষুধ বিতরণের প্রক্রিয়া ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দায় নির্ধারণ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দক্ষিণ যুবরাজনগরের বাসিন্দারা।

বিভাগ