নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৪ বছরের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘিরে বিস্ফোরক অভিযোগে কেঁপে উঠলো গোটা এলাকা। এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ চূড়ান্ত তৎপরতা দেখিয়ে অভিযুক্ত'কে গ্ৰেফতার করল। থানা সূত্রে খবর, নাবালিকা ধর্ষণ কাণ্ডে তেলিয়ামুড়া থানায় ৫৪/২০২৬ নম্বরের মামলা রুজু হতেই অ্যাকশনে নামে পুলিশ। মামলায় দেওয়া হয়েছে গুরুতর ধারা - BNS 65(1) ও POCSO Act-এর 4(2)। এই মামলাতেই অভিযুক্ত সত্যম শীল'কে তার নিজ বাড়ি থেকে আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত ১৯ সেপ্টেম্বর, শনিবার। ওইদিন নাবালিকার মা-বাবা কোনো এক বিশেষ কারণে বাড়িতে ছিলেন না। ফলে নাবালিকা বাড়ির বাইরে যায়, তখন অভিযুক্ত সত্যম শীল নাকি ওই নাবালিকা'কে টেনে হিঁচড়ে বাড়ির পাশের টিলা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবারের লোকজন'কে শনিবার ওই নাবালিকা কিছু না বললেও রবিবার তার শারীরিক বিভিন্ন অস্বস্তি বোধ করলে তার মা'কে সে বিষয়টি জানায়। এর পর পরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। কিশোরীর মুখ থেকেই নাকি মেলে ঘটনার ইঙ্গিত। এরপর আর দেরি না করে ২০ সেপ্টেম্বর, রবিবার পরিবার ছোটে থানায়। আর তার পরই পুলিশের খাতায় লিপিবদ্ধ হয় বিস্ফোরক FIR।তবে পুলিশের খাতায় অভিযোগ উঠলেই কেউ দোষী হয়ে যায় না। আসল সত্য কী, তা এখন তদন্ত সাপেক্ষ। নাবালিকার বয়সের বৈধ নথি, মেডিক্যাল রিপোর্ট, আদালতে গোপন জবানবন্দি এবং বৈজ্ঞানিক তথ্য-প্রমাণই শেষ কথা বলবে।এখন সবচেয়ে বড় প্রশ্ন -প্রকাশ্য দিনে নাবালিকার সঙ্গে এমন ঘটনা ঘটল কীভাবে? ধৃত সত্যম শীলের ভূমিকা ঠিক কী ছিল? আটকের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তেলিয়ামুড়া থানা এলাকার এই POCSO মামলা আদৌ আদালতে টিকবে কি? নাকি তদন্তে বেরিয়ে আসবে অন্য কোনো মোড়? এখন সেদিকেই কড়া নজর রাখছে গোটা এলাকা।