৯ শীর্ষ সেনা কর্মকর্তাকে সরাল চীন

Mar 01, 2026

৯ শীর্ষ সেনা কর্মকর্তাকে সরাল চীন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ ‘টু সেশনস’-এর ঠিক আগ মুহূর্তে দেশটির আইনসভা থেকে ১৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে নয়জনই সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা। দেশটির আইনসভার শীর্ষ কর্তৃপক্ষ, ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটি এ সদস্যদের সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে বলে জানিয়েছে বিবিসি।বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি চিয়াওমিং এবং নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিনলং।এ ছাড়া ইনার মঙ্গোলিয়া অঞ্চলের সাবেক পার্টি প্রধান সান শাওচং-সহ বেশ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন।আইনপ্রণেতাদের তালিকা থেকে এ ১৯ জনের বাদ পড়ার কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সামরিক বাহিনীর সর্বোচ্চ পদধারী জেনারেল ঝাং ইউশিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কয়েক সপ্তাহ পর এ ঘটনা ঘটল। ঝাং-কে একসময় শি-র সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক মিত্র বিবেচনা করা হতো।এর আগে ২০২৫ সালের অক্টোবরে চালানো এক অভিযানে নয়জন শীর্ষ জেনারেলকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছিল। কর্তৃপক্ষ তখন বলেছিল, এই শুদ্ধি অভিযান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। ক্ষমতায় আসার পর থেকে শি দুর্নীতিকে কমিউনিস্ট পার্টির জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ অভিহিত করে একের পর এক ‘দুর্নীতিবিরোধী অভিযান’ চালিয়েই যাচ্ছেন। যদিও সমালোচকদের দাবি, তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে জব্দ করতেই এই অভিযানকে কাজে লাগাচ্ছেন।আগামী ৪ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ‘টু সেশনস’। এই সম্মেলনে ন্যাশনাল পিপলস কংগ্রেস এবং চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের হাজার হাজার প্রতিনিধি অংশ নেবেন। এই গুরুত্বপূর্ণ সমাবেশেই চীন সরকার তাদের পরবর্তী ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ এবং বার্ষিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ঘোষণা করতে যাচ্ছে। এমন একটি স্পর্শকাতর সময়ের আগে শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে এক বিশেষ তাৎপর্য বহন করে বলে মনে করছেন বিশ্লেষকেরা।