১৭০টি আসন পেলে পরিবর্তন হবে: অমিত শাহ

Apr 03, 2026

১৭০টি আসন পেলে পরিবর্তন হবে: অমিত শাহ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন উপলক্ষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাজরা মোড়ে বৃহস্পতিবার পথসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে রোড শো শুরুর আগে বক্তৃতা দেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড়ে একটি মঞ্চ করা হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।হাজরার মঞ্চ থেকে বক্তৃতা করেন অমিত শাহ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এ রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি। শাহ বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে হবে। মোদীজির নেতৃত্বে এখানে বিজেপির সরকার তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গের সীমান্তকে সিল করে এ রাজ্য এবং গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে তাড়াতে হবে। অমিত শাহ বলেন, একটা একটা করে আসন জিতে আমরা ১৭০ আসনে পৌঁছোব। তবেই তো পরিবর্তন হবে। কিন্তু আমার কাছে শর্টকাট আছে। ভবানীপুরবাসী একটি আসন জেতালেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে। ভবানীপুরের মানুষ যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন, তা হলে এমনিই পরিবর্তন হয়ে যাবে। তাই বাংলার পরিবর্তনের দায়িত্ব ভবানীপুরের মানুষের। তিনি আরও বলেন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা শুধুই নন্দীগ্রাম থেকে লড়তে চেয়েছিলেন। আমি তাঁকে নির্দেশ দিয়েছিলাম, আপনি মমতার ঘরে গিয়ে তাঁকে হারিয়ে দিয়ে আসুন। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাংলায় জিতলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। এ বার উনি গোটা বাংলার পাশাপাশি ভবানীপুরেও হারবেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিভাগ

সর্বশেষ খবর