নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো বিধানসভায়। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোয় জোর দিয়েছে রাজ্য সরকার। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছোতে ‘আপনার সরকার, আপনার পাশে’ নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। অর্থমন্ত্রী এও বলেন, রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষা প্রকল্প অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে সকলের কাছে পৌঁছয়, তা দেখার চেষ্টা করা হবে। সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। পাশাপাশি, কেন্দ্রের আর্থিক সাহায্য এবং সংস্কারের হাত ধরে রাজ্যের ঋণের অঙ্ক কমিয়ে আয়ের পথে হাঁটা হবে। রাজ্যে মোট ঋণ রয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকার। ঘোষণা করলেন অর্থমন্ত্রী।