অযোধ্যার রামমন্দিরে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, দানকাণ্ড নিয়ে তুললেন প্রশ্ন

Jun 23, 2026

অযোধ্যার রামমন্দিরে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, দানকাণ্ড নিয়ে তুললেন প্রশ্ন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃআগামী শুক্রবার অযোধ্যার রামমন্দিরে পুজো ও দর্শনে যাবেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সমাজমাধ্যম এক্স-এ এই ঘোষণা করেন তিনি। পোস্টে কেজরিওয়াল দাবি করেন, রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামী ও দানের অর্থে দুর্নীতির অভিযোগে দেশের সনাতন ধর্মাবলম্বীরা ব্যথিত। সেই প্রেক্ষিতেই তিনি রামলালার দর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রামমন্দিরে ভক্তদের দান ও প্রণামীর অর্থে অনিয়মের অভিযোগ সামনে আসে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অভ্যন্তরীণ নিরীক্ষায় আর্থিক অসঙ্গতির অভিযোগ ওঠার পর মন্দির চত্বরের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। তদন্তে কয়েকজন চুক্তিভিত্তিক কর্মীর ভূমিকা সন্দেহের আওতায় আসে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়, যা মন্দির চত্বরের কাছে গোবরের স্তূপে লুকিয়ে রাখা ছিল বলে তদন্তকারীদের দাবি।ঘটনার পর ট্রাস্টের আবেদনে উত্তর প্রদেশ সরকার ১৩ জুন তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে। ১৬ জুন থেকে অযোধ্যায় তদন্ত শুরু করে এসআইটি। ইতিমধ্যেই প্রায় ১৪০ পাতার একটি অন্তর্বর্তী রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরে জমা দেওয়া হয়েছে।