জার্মানিতে কট্টর ডানপন্থি দলের জয়ে উচ্ছ্বসিত ট্রাম্প

Sep 09, 2026

জার্মানিতে কট্টর ডানপন্থি দলের জয়ে উচ্ছ্বসিত ট্রাম্প

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জার্মানির রাজ্য নির্বাচনের দেশটির কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)- এর রেকর্ড জয়ে দলটির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানির কঠোর অভিবাসননীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভই দলটির জনপ্রিয়তা বাড়ার মূল কারণ বলে মন্তব্য করেছেন তিনি।স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘জার্মানির পপুলিস্ট দলটি বড় একটি রাত পার করেছে।’তিনি আরও বলেন, জার্মানির মানুষ শেষ পর্যন্ত দেশটির ‘ভয়াবহ অভিবাসন নীতিমালা ও বিধিনিষেধে’ বিরক্ত হয়ে উঠেছে। তার দাবি, এসব নীতি জার্মানির জন্য বড় ক্ষতি করেছে। এখন এএফডি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং মানুষ আর এসব মেনে নিতে চাইছে না।পোস্টের শেষে ট্রাম্প ‘এমজিজিএ’ লিখেছেন, যার অর্থ ‘মেইক জার্মানি গ্রেইট এগেইন’ বা ‘জার্মানিকে আবার মহান করো’।গত রোববার (৬ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে এএফডি ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে। জার্মানির কোনো রাজ্য নির্বাচনে এটিই দলটির সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড।অন্যদিকে, চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পেয়েছে ১৭ দশমিক ২ শতাংশ ভোট।তবে এএফডিকে নিয়ে জার্মানিতে বিতর্কও রয়েছে। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা দলটির ওই রাজ্য শাখাকে ‘প্রমাণিত ডানপন্থি উগ্রপন্থি সংগঠন’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।গোয়েন্দা সংস্থার অভিযোগ, দলের কিছু অংশ জাতিগত ও বর্ণবাদী ধারণার ভিত্তিতে জাতীয় পরিচয়কে ব্যাখ্যা করে, যা জার্মানির গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।এই মূল্যায়নের ভিত্তিতেই জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলো এখনো এএফডির সঙ্গে সরকার গঠনে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

বিভাগ