নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যের ক্রীড়া প্রেমী এবং অপামর রাজ্যবাসীর জন্য খুশির সংবাদই বটে ।৩৯ তম জাতীয় গেমসের জিমন্যাস্টিক্স ইভেন্টের আসরের জন্য ত্রিপুরাকে নির্বাচিত করা হয়েছে । এবছর ৩৯ তম জাতীয় গেমসের আসর বসছে উত্তর পূর্বাঞ্চলে। এই অঞ্চলের প্রতিটি রাজ্যেই এই গেমসের কোন না কোন ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে জিমন্যাস্টিক্সের আসর অনুষ্ঠিত হবে রাজ্যে । এর পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের ভূমিকা রয়েছে বলে মনে করে রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে এর জন্য অভিনন্দন জানিয়েছে ।এদিন এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত রায় মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রী কে অভিনন্দন জানান। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্য অলিম্পিক সংস্থার সভাপতি তথা পদ্মশ্রী দীপা কর্মকার ।তিনি জানান ,ন্যাশনাল গেমসের জিমন্যাস্টিক্সের আসর রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে। বিষয়টি অত্যন্ত গর্বের ।কারণ দেশে ন্যাশনাল গেমস একটা মিনি অলিম্পিক এর মত। পদ্মশ্রী দীপা কর্মকার আরো জানান ,সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে রাজ্যের অস্মিতা দে সুন্দর পারফরমেন্স করে স্বর্ণপদক জয় করেছেন। এর জন্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন সহ রাজ্যবাসী গর্বিত।