নিউস ত্রিপুরা প্রতিনিধিঃভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলা এবং তাকে আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগে এক স্থানীয় যুবককে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ধর্মনগর থানায় ২০২৬/DMN PS/45 নম্বরের একটি মামলা নথিভুক্ত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা এবং ইমিগ্রেশন আইন এবং ফরেনার্স অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত দের বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মহিলার নাম সোমাইয়া বেগম (২৯)। তাঁর বাড়ি বাংলাদেশের নরসিংদি জেলায়। অপর অভিযুক্ত আনোয়ার হোসেন (২৩) উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে। পুলিশ জানায়, পশ্চিম চন্দ্রপুরে আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, সোমাইয়া বেগম দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। তাঁর ব্যবহৃত আধার কার্ডে অসঙ্গতি ধরা পড়ায় তদন্ত শুরু হয়। তদন্তে তিনি বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ। পাশাপাশি, অবৈধভাবে ভারতে অবস্থান করতে সহায়তা ও আশ্রয় দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেনকে ও গ্রেপ্তার করা হয়।ধর্মনগর থানার অফিসার -ইন-চার্জ মিনা দেববর্মা জানান, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন আইন ও ফরেনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার দুই অভিযুক্তকে ধর্মনগর আদালতে পেশ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভুয়ো পরিচয়পত্র তৈরির বা সংগ্রহের সঙ্গে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।