হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

Aug 04, 2026

হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   গাজায় শান্তি ফেরানোর চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রধান নিকোলাই ম্লাদেনভ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে হামাস তাদের সব অস্ত্র ও সুড়ঙ্গ পুরোপুরি জমা না দেওয়া পর্যন্ত ইসরাইল গাজা থেকে তাদের সেনা সরিয়ে নেবে না।কিন্তু এই চুক্তি নিয়ে ইসরাইলের ভেতরেই ঝামেলা বেঁধেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি ঘোষণা করার পর ইসরাইলের উগ্রপন্থী মন্ত্রীরা এর বিরোধিতা করছেন। তাদের দাবি, সরকার যে চুক্তিতে রাজি হয়েছিল, সবার সামনে প্রকাশ হওয়া চুক্তিটি তার চেয়ে আলাদা। তাই তারা এ নিয়ে নতুন করে ভোট নেওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে হামাস সাফ জানিয়ে দিয়েছে, ইসরাইল যদি নিজেদের কথা ও চুক্তি না মানে, তবে তারাও এই চুক্তি মানবে না।এদিকে বৈঠকে ম্লাদেনভ গাজায় হামলা বন্ধ করার জন্য নেতানিয়াহুকে অনুরোধ করলেও ইসরাইল তা পাত্তাই দিচ্ছে না। উল্টো যুদ্ধবিরতির কথা বলে গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে তারা, যাতে গত কিছুদিনেও অনেক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মিশর, কাতার ও তুরস্ক এই চুক্তির মধ্যস্থতা করলেও ইসরাইলের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ফিলিস্তিনিরা জানিয়েছে, তারা চুক্তির পরের ধাপে যেতে প্রস্তুত, তবে এখন তারা মধ্যস্থতাকারীদের স্পষ্ট উত্তরের অপেক্ষায় রয়েছে।

বিভাগ